Sunday, 20 June 2021

রামেশ্বরের দ্বাদশলিঙ্গের মন্দির


 

মেদিনীপুর (বর্তমান ঝাড়গ্রাম)  জেলার নয়াগ্রাম থানার দেউলবাড় গ্রামে মন্দিরটি অবস্থিত। সুবর্ণরেখা নদীর একেবারে পাড়ের উপর প্রায় পাঁচ একর জায়গা জুড়ে, নদীপৃষ্ঠ থেকে ১৫০ মিটার উচ্চতায় জঙ্গলাকীর্ণ জন বিরল স্থানে ওড়িষি ভাষ্কর্যে  মাকড়া পাথরে নির্মিত এই প্রাচীন শিব মন্দির। মন্দিরের গর্ভগৃহে রয়েছে একসঙ্গে বারোটি শিবলিঙ্গ। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার ৩৪ লখ্খ টাকা ব্যয়ে মন্দিরটিকে সুসজ্জিত করেছে।

রোহিনী নিকটে বারাজীত মহাস্থান।

রাতে সীতা-রাম-লখ্ণ কৈলা বিশ্রাম।।

দুয়াদশ লিঙ্গ রামেশ্বর শম্ভুবর।

রঘুবঙশ কুলচন্দ্র পূজিলা বিস্তর।।

সপ্তদশ শতাব্দীতে ১৬৫৫ সালের মধ্যে রচিত "শ্রী শ্রীরসিকমঙ্গল" নামক জীবনীকাব্যে রামেশ্বর শিবের উল্লেখ আছে। এর বর্ননায় দেখা যায় যে রোহিনীর কাছে বারাজিত নামক স্থানে দ্বাদশলিঙ্গের অবস্থান। রামেশ্বরের কাছে বনের মধ্যে তপোবন নামে একটি মনরোম স্থান বাল্মীকির আশ্রম রুপে পরিচিত। সীতা-রাম-লখ্ন এই তপোবনে বাল্মীকির আশ্রমে বিশ্রাম গ্রহনকালে যে শিবলিঙ্গকে পূজা করেছিলেন, সেই রাম পূজিত শিবের নাম রামেশ্বর শিব।








পুরাতত্ত্ব গবেষকদের একাংশের মতে, একাদশ-দ্বাদশ শতকে ওড়িষার চোল গঙ্গদেবের রাজাদের আমলে মন্দিরটি তৈরি হয়। এই মন্দিরের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, সকালে একটি নির্দিষ্ট সময়ে সূর্যের প্রথম কিরণ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে চারপাশে আলোকিত করে তোলে। 

একদিন ভগবান বিশ্বকর্মাকে ডেকে এক রাত্রির মধ্যে বাল্মীকির তপোবনের কাছে পুরী নির্মাণের আদেশ দিলেন___ মানুষ যাতে না যানতে পারে এমনভাবে পুরী তৈরি করতে হবে সকলের অগোচরে। তাই বিশ্বকর্মা রাত্রে মানুষ যখন ঘুমাচ্ছিলো তখন এখানে এসে স্থানীয় মাকড়া পাথর দিয়ে মন্দির গড়তে শুরু করেন।  বাইরে থেকে ভালো ভালো পাথর এনে মন্দির নির্মাণ যেহেতু এক রাত্রে সম্ভব নয়, তাই স্থানীয় মাকড়া পাথর ব্যবহার করেছিলেন।  মন্দিরের কাজ প্রায় শেষ করে প্রাচীরের কাজ  শুরু করেছেন,  এমন সময় শুনতে পেলেন যে চিড়াকুটিরা ঢেঁকিতে চিড়া কুটতে শুরু করেছে। বিশ্বকর্মা ভাবলেন, সকাল হয়ে গেছে, এবার লোকজন তাকে দেখে ফেলবে। ভয়ে তিনি মন্দিরের কাজ অসম্পূর্ণ রেখে স্বর্গে ফিরে গেলেন।  কিন্ত তিনি জানতেন না, চিড়াকুটিরা সকাল হওয়ার এক প্রহর আগে উঠে নিজের ঘরে চিড়া কুটে।

সুবর্ণরেখা তীরে রামেশ্বর শিব ।

সূর্য কিরণে  দ্বাদশ লিঙ্গ স্নাত।।

মাকড়া পাথর জুরে কোন কারিগর।

গড়ে গেছে কাহিনী টিলার উপর। ।






স্বর্গে গিয়ে নিজের বোকামির জন্য ভগবানের কাছে বকুনি খেলেন।  এরপরে তিনি কোনো ঝুকি না নিয়ে সমুদ্রের নীচে বসে তৈরী করেছিলেন পুরীর মন্দির।  মন্দির নির্মাণ শেষ হলে সমুদ্রের জল সরে যায় এবং পুরীর মন্দির জেগে উঠে। দেউলবাড়ের অসমাপ্ত মন্দিরটি বিগ্রহহীন অবস্থায় পড়ে থাকে। রামচন্দ্র যখন সীতাকে দ্বিতীয়বার বনবাসে পাঠালেন,  তখন সীতা এখানে এসে তপোবনে বাল্মীকির আশ্রমে ছিলেন।  এই  তপোবনেই লব ও কুশের জন্ম হয়েছিল।  তিনি প্রতিদিন লবকুশকে তেল হলুদ মাখিয়ে একটি ঝণর্ণার জলে স্নান করতেন বলে সেই ঝর্ণার জল হলুদ হয়ে গেছে। তপোবনে একটি অর্ধ-চেরা শাল গাছ "সীতা দাঁতন" নামে পরিচিত।  তপোবনে আছে একটি অনির্বাণ যঞ্জকুন্ড। প্রথা আছে, এই স্থান দিয়ে কেউ গেলে এক খন্ড কাঠ যঞ্জকুন্ড দিয়ে যেতে হয়। বনবাসে এসে বনের সৌন্দর্যে মুগ্ধ সীতা স্বামী রামচন্দ্রের মঙ্গল কামনায় বিশ্বকর্মা নির্মিত অসমাপ্ত মন্দিরে শিবকে প্রকট হতে অনুরোধ করেন।  সতী সাবিত্রী সীতার প্রার্থনায় শিব সেই অসমাপ্ত মন্দিরে দ্বাদশ লিঙ্গ রূপে প্রকট হলেন।  সীতা প্রতিদিন স্বামী রামচন্দ্রের মঙ্গল কামনায় রামের ইষ্টদেবতা এই দ্বাদশ লিঙ্গ শিবকে পূজো করতেন বলে এর নাম রামেশ্বর শিব। 

মন্দির থেকে সুবর্ণরেখার বুকে।

নেমে গেছে সারিবদ্ধ পাথর সোপান। ।

এই শিব স্থাপন করে সীতা।

পূজ্য পাঠ বন্দনা - এখন জনশ্রূতি।।

মন্দিরের গর্ভগৃহ, জগমোহন, ভোগমন্ডপ এবং নাটমন্দিরের নিচু প্রবেশদ্বার চারটি, সমান্তরাল ভাবে এক সরলরেখায় এমন ভাবে নির্মিত যাতে প্রভাতে সূর্যের আলো মন্দিরের গর্ভগৃহে সোজাসুজি প্রবেশ করতে পারে। মন্দিরের গর্ভগৃহে দ্বাদশ লিঙ্গ শিবের অবস্থান।   গৌরীপীঠের অভ্যন্তরে কেবল শিব লিঙ্গের মাথাটি দেখা যায়। মূল লিঙ্গের উপরিতলে এগারোটি ছোট ছোট  লিঙ্গ,  কেন্দ্রে অবস্থিত একটি লিঙ্গকে বেষ্টন করে আছে।

মন্দিরের পিছনের দিকে ১০৮ টি পাথরের সিড়ি ধাপে ধাপে নেমে এসে শেষ হয়েছে একটি কুন্ডের পাশে। এটি কুন্ড পুকুর নামে পরিচিত।  এই কুন্ডে সারা বছর জল থাকে। কুন্ডের গা ঘেঁষে  একটি খাল বয়ে গিয়ে সুবর্ণরেখা নদীতে পড়েছে। 

রামেশ্বরে গভীর জঙ্গলের মধ্যে আমাবস্যার অন্ধকার রাতে এখানে টিলার নীচে নদীর তীরে মেলা বসে মাঘ মাসে শিবরাত্রি উপলক্ষে । এটা কম আশ্চর্যের নয়। এখানে এসে শিবের ব্রতচারিনীরা মন্দির চত্বরে প্রদীপ জ্বেলে রাত জাগেন। তাছাড়া অন্য মেলার মতোই হরেক দ্রব্যের দোকানে মেলা বিশাল আকার ধারণ করে। মেলাটির অন্যতম আকর্ষণ হল অ-আদিবাসীদের সঙ্গে আদিবাসী পুরুষ ও রমণীর বিপুল সংখ্যায় অংশগ্রহন।  সারা রাত্রি ব্যাপী মেলায় আদিবাসী নৃত্য-গীত এবং সাঁওতালী যাত্রা অনুষ্ঠিত হয়। নয়াগ্রাম এলাকায় অন্য কোনো বড় মেলা না থাকায় সকল শ্রেণীর মানুষ যে এই মেলায় এক রাত্রির আনন্দের জন্য আসে, সে কথা নি:সংশয়ে বলা যায়। রামেশ্বরের শিবরাত্রীর মেলাটি এই এলাকার সাংস্কৃতিক মিলন-মিশ্রন ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। 



⭐বিশেষ আকর্ষণ_
১) মন্দিরটি

২) মন্দিরের গায়েই ৪০০ বছর পুরনো কাঁঠাল গাছ! (গাছটি পূজিত হয়)
৩)৬ মাথা বিশিষ্ট কার্তিক ঠাকুর।(মন্দিরের গায়েই খোদাই করা)
৪)ম্যাকডা পাথরের থম্বি।
৫) সুবর্ণরেখা নদী
৬) শিব রাত্রির মেলা।
৭) শাল জঙ্গল
৮) প্রতিদিন সকালে নিয়ম করে পূজো হয় দুপুর পর্যন্ত।  সব্জি চাল নিয়ে
 গেলে প্রসাদ করে খাওয়ানোর ব্যবস্থা আছে এবং প্রসাদের স্বাদ অনন্য। 



সড়কপথে কলকাতা থেকে NH 6 ( মুম্বাই-কলকাতা মহাসড়ক ) ধরে ঝাড়গ্রামে পৌচ্ছাতে সময় লাগে প্রায় চার ঘন্টা। ঝাড়গ্রাম থেকে গোপীবল্লভপুর ৪২ কিমি। গোপীবল্লভপুর থেকে জঙ্গলের পথ ধরে ২৩ কিমি এগোলেই দেউলবাড়ের রামেশ্বর শিব মন্দির।







 এছাড়া হাওড়া থেকে খড়্গপুর স্টেশনে পৌচ্ছাতে এক্সপ্রেস/ লোকাল ট্রেন আছে।  সময় লাগে প্রায় ২ ঘন্টা ২৪ মিনিট। এখান থেকে সহজেই ঝাড়গ্রাম আসা যায়।


তপোবনে বাল্মীকির আশ্রম

 


বাল্মীকির  আশ্রম  ---- তপোবন 





যে বনে মুনিঋষিরা তপস্যার জন্য বাস করতেন,  সে বনই হলো তপোবন ।  তপোবন কোনোও নির্দিষ্ট জায়গার নাম নয়। তপস্যাসাধনের বনই হ'ল তপোবন।  পুন্যভূমি ভারতবর্ষে কতই না আছে তপোবন।  ভারতবর্ষ মুনিঋষিদের দেশ। যেখানেই সত্যদ্রষ্টা মুনিঋষিদের আশ্রম স্থাপিত হয়েছে বা পুন্যাত্মা মুনিঋষিদের বানী বর্ণিত হয়েছে, সেটিই তপোবন বলে নামকরন হয়েছে। এখানে যে তপোবনের কথা বলতে চলেছি _____ এ তপোবন রত্নাকর দস্যুর তপোবন।  ভয় পাবার কিছু নেই।  কেননা আজ কোনো দস্যুও নেই,  আর সেজন্য লুটপাট হবারও কোনো ভয় নেই। তবে বনের মধ্যে , আপনার ভাগ্য যদি সুপ্রসন্ন থাকে , তবে  হাতির পালের দেখা মিলতেও পারে। এ দেখে আপনি মজা পাবেন না ভয় পাবেন সেটি আপনার নিজস্ব ব্যাপার।  





ঝাড়গ্রাম শহর থেকে প্রায় ৬৫ কিমি দূরে দেউলবাড় গ্রামে গেলে দেখতে পাবেন রামেশ্বর শিব মন্দির।  সেই শিবমন্দির থেকে ৭ কিমি দক্ষিনে সুবর্ণরেখা নদীর ধারে গভীর জঙ্গলের মধ্যে রয়েছে অপরূপ সুন্দর এক জায়গা ----- বাল্মীকির তপোবন। হাত বাড়ালেই সুবর্ণরেখা নদী। আর জঙ্গলের রূপকে তো এককথায় অপরূপ বলা যায়। খড়্গপুর,  মেদিনীপুর, ঝাড়গ্রাম বা বেলদা থেকে কালো পিচের রাস্তা আর সবুজ শাল গাছের জঙ্গলের ভিতর দিয়ে কিংবা সবুজ জঙ্গল আর রঙ্গিন মোরামের রাস্তা ধরে চলতে চলতে আপনি কখন যে পৌচ্ছে যাবেন নিজেও বুঝতে পারবেন না। সড়কপথে চড়াই উতড়াই হলেও  এ পথের শোভা আর তাজা অক্সিজেন পাওয়ার আনন্দ,  আমার মনে হয়, আপনার চিরকাল মনে থাকবে।



বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।  আর বিশ্বাসই ভারতীয় সভ্যতার প্রানভোমরা। এই বিশ্বাসেই ভারতবর্ষের সর্বত্র রামায়ণ মহাভারতের অধিষ্ঠান। রামচন্দ্র,  সীতা ও লক্ষনের সাথে বনবাসে যাওয়ার  পথে বাল্মীকির তপোবনে কিছুটা সময় বিশ্রাম নিয়েছিলেন।  এখান থেকে পঞ্চবটী বনে গিয়ে  কুটির  তৈরি করে থাকলেন।  রাবণ সেখান থেকে সীতাকে চুরি করে। সীতাকে রাবনের হাত থেকে উদ্ধার করে চৌদ্দ বছর পরে রাজ্যে ফিরে এসে রামচন্দ্র যখন রাজা হয়েছিলেন,  তখন প্রজারা গর্ভবতী সীতার চরিত্রে সন্দেহ প্রকাশ করেন। রামচন্দ্র প্রজাদের সন্তুষ্টি বিধানের জন্য সীতাকে পরিত্যাগ করেন।  লক্ষণ সীতাকে পুনরায় অরন্যে বাল্মীকির তপোবনে রেখে আসেন।  কিছুকাল পরে সীতার দুই জমজ সন্তান  লব ও কুশ জন্মগ্রহণ করেন। তারা বাল্মীকি মুনির কাছে সর্ব শাস্ত্র অধ্যয়ন করে এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী হন। এই সময় রামচন্দ্রের অশ্বমেধের ঘোড়া যখন এই স্থান দিয়ে যায়, তখন লব-কুশ সেই অশ্বকে ধরে রাখে  । ফলে রামচন্দ্র ও তাঁর তিন ভাইয়ের সাথে তাদের প্রবল যুদ্ধ হয়। লব-কুশের কাছে তারা সকলেই পরাজিত হয়ে চেতনা হারান।  খবর পেয়ে সীতা ছুটে আসেন  এবং এসব দেখে কান্নাকাটি আরম্ভ করেন। সীতার কান্না শুনে বাল্মীকি মুনি আসেন ও  মন্ত্রপুত জল ছিটিয়ে তাদের চেতনা ফেরান । লব-কুশকে অশ্বমেধের ঘোড়া ছেড়ে দিতে বলেন।  বাল্মীকির কথায় লব-কুশ ঘোড়া ছেড়ে দেন।



সীতানালা নামে একটা ছোট অরন্য ঝর্ণা তিন দিক থেকে তপোবনকে ইউ-এর মতো ঘিরে রয়েছে। আর একদিকে সুবর্ণরেখা নদী। কথিত আছে, বনবাসে থাকার সময়ে সীতা এই নদীতে স্নান করতেন বলে এই নদীর নাম সীতানালা। তপোবনে ঢোকার জন্য খালের উপরে এখন কংক্রিটের সেতু হয়েছে। আগে কাঠের সেতু ছিল।  সেতু পেরিয়ে একটু এগোলেই মহর্ষি বাল্মীকির সমাধি। সমাধির নিচ থেকে মাকড়া পাথর সাজিয়ে উড়িষ্যার রেখ দেউল রীতিতে একটি ছোট মন্দির চূড়া তৈরি করা হয়েছে। সমাধির উপরে একটি লম্বা-লম্বি চেরা শালগাছ রামধনুর মত দুপাশে মটি স্পর্শ করে আছে। এই শালগাছটির নাম হল সীতা দাঁতন।  সীতা নাকি শাল দাঁতনে দাত মাজার পরে দাঁতন চিরে জিভ ছুলে ফেলে দিলে এই গাছের জন্ম হয় বলে এর নাম সীতা দাঁতন।  সমাধির পাশেই একটা বেদির উপরে একটা হোমকুণ্ড আছে যার আগুন রাতদিন জ্বলতে থাকে। কেউ বলেন  বাল্মীকির হোমকুণ্ড। আবার কেউ একে সীতাধুনি বলে সম্বোধন করেন। সীতার গর্ভে লব-কুশ জন্মানোর পর আঁতুড়ের পাশে সীতাদেবী শিশুদের উষ্ণতা প্রদানের জন্য এই ধুনি জ্বেলেছিলেন, তাই এটা সীতাধুনি নামে পরিচিত। নিয়ম হচ্ছে, এখানে যেই আসুক না কেন বন থেকে এক খন্ড কাঠ এনে এই ধুনিতে দিয়ে যেতে হয়।



উত্তরে সীতানালা আর দক্ষিণে সীতাকুন্ড থেকে নির্গত হলুদ জলের ঝর্ণা তপোবনকে বেস্টন করে একসঙ্গে মিলিত হয়ে চলে গেছে সুবর্ণরেখার দিকে। জনশ্রুতি, সীতা এখানে তেল হলুদ মাখিয়ে লব কুশকে নিয়মিত স্নান করাতেন বলে জলের রং হলদে হয়ে গিয়েছে। বাল্মীকির সমাধির পাশেই রয়েছে একটা ছোট্ট মন্দির  যেখানে বাল্মীকি, রাম, লক্ষণ, সীতা, লব ও কুশের মূর্তি রয়েছে। একে সকলে বাল্মীকি মন্দির বলে। যেখানে লব-কুশ অশ্বমেধের ঘোড়া ধরেছিল তা এই আশ্রম থেকে প্রায় ৫ কিমি দুরে গভীর অরন্যের মধ্যে অবস্থিত। অরন্যের প্রবেশ পথের বাম দিকে একটি স্থানে একটা সিমেন্টের ঘোড়া তৈরি করে রাখা আছে। মনে হবে যেন এখানেই বাঁধা ছিল সেই অশ্বমেধের ঘোড়া। আশ্রমের একটু দূরেই  সীতানালা পাশেই রয়েছে তিলক মাটির পাহাড়। সেখানে থেকে আপনি নিজের ইচ্ছামতন তিলক মাটি সংগ্রহ করতে পারেন। বাল্মীকি মন্দিরের কাছেই রয়েছে একটি মহাদেব মন্দির। আবার একটি বীর হনুমানের মন্দিরেরও নির্মাণের কাজ চলছে।



বাল্মীকি মন্দিরে রোজদিন অন্নভোগ হয়। যে কেউ মানসিক করে এখানে অন্নভোগ নিবেদন করতে পারেন।  প্রতি পূর্ণিমায় এবং অষ্টমীতে মন্দিরে নাম সংকীর্তন হয়। মন্দির খোলা থাকে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। 







শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাস দিয়েই মানুষ পৃথিবীতে তীর্থ রচনা করে। রামায়ণ বর্ণিত বাল্মীকির তপোবনের সঙ্গে এই তপোবনের কোনো সম্পর্ক আছে কি নেই  , তপোবন দর্শনের জন্য সেই বিতর্কে না যাওয়াই  ভালো। কিন্ত এই স্থানের প্রাকৃতিক দৃশ্য এবং পারিপার্শ্বিক পরিবেশ যথার্থভাবেই প্রাচীন তপোবনের উপযুক্ত, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। 





Wednesday, 7 April 2021

গাঁয়ের নাম খোয়াব গাঁ ---- ঝাড়গ্রাম

 



জঙ্গলমহলের এক রূপকথা ______ গাঁয়ের নাম খোয়াব গাঁ_______ ঝাড়গ্রাম।



ঝাড়গ্রামে কাজুবাদাম আর আকাশমনির জঙ্গলের ভিতরে স্বপ্নের গ্রাম খোয়াব গাঁ। অবশ্য এই গ্রামের নাম আগে খোয়াব গাঁ ছিল না। "লালবাজার" নামেই শহরের অদূরে এই গ্রাম পরিচিত ছিল। ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে পুলিশ লাইনের মেন রোড ছেড়ে কেনেল পাড়ের রাস্তা দিয়ে সোজা কাজুবাদাম আর আকাশমনির গাছের জঙ্গলের মধ্যে দিয়ে মোরামের উঁচুনিচু রাস্তা ধরে প্রায় চার পাঁচ কিলোমিটার এগিয়ে গেলে পথের শেষে পাওয়া যাবে এই গ্রাম। তবে এই লালবাজার কথার মধ্যে যেন পুলিশ পুলিশ একটা গন্ধ রয়েছে। তাই গ্রামবাসীর সন্মতিতে ২০১৮ সালের শেষে নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রধান উদ্যোক্তা হলেন চালচিত্র অ্যাকাডেমির সম্পাদক শিল্পী শ্রী মৃণাল মন্ডল‌। প্রখ্যাত শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও সাহিত্যিক শ্রী শিবাজী বন্দোপাধ্যায় " খোয়াব গাঁ" নামটি ঠিক করে দেন। গ্রামে শিল্পচর্চার মাধ্যমে যে স্বপ্ন বা খোয়াব বোনা হচ্ছে ---- এই নাম তারই সার্থক প্রতিফলন। 




ঝাড়গ্রাম ব্লকের রাধানগর পঞ্চায়েতের অধীন এই গ্রামে মোট ১৩ টি পরিবারের বাস। এর মধ্যে ১২টি পরিবারই লোধ সম্প্রদায়ের। রয়েছে একটি কুর্মি পরিবার। গ্রামের জনসংখ্যা মাত্র ৭৫ জন। এই ছোট্ট গ্রামের বসতি গড়ে উঠার কাহিনীটি এই রকম -------- ঝাড়গ্রামের মল্লদেব রাজাদের চাষের জমি ছিল স্থানীয় অর্জুনডহড়, রাজবাধ আর মধুপুর মৌজায়। পঞ্চাশ দশকের কিশোর কালীপদ অহির , অধুনা প্রবীন বাসিন্দা, বাবার সাথে এসেছিলেন রাজাদের জমিতে খেতমজুরি করতে। পরে রাজপরিবারের তরফে তাঁকে থাকার ঘর দেওয়া হয়। সেদিনের কালীপদ লালবাজারের সংসার পাতেন। খেতমজুরের কাজে আসা লোধেরা রাজানুগ্রহে এলাকায় থিতু হয়ে যান। 




খেটে খাওয়া লোধ জনজাতির বাসিন্দারা কিছু দিন আগে পর্য্যন্ত  সংসার চালাতে হিমশিম খেতেন। জঙ্গলের ডালপালা কেটে তা সংগ্রহ করে বিক্রি, নয়তো খেতমজুর কিংবা দিনমজুরের হাড়ভাঙ্গা খাটুনি, বা মরশুমে ভিন্ জেলায় 'নামাল' খাটতে যাওয়া। তাঁদের এই দিন-আনির সংসারে লড়াইটা ছিল খিদের সাথে। এমনিই একটা গ্রাম খুঁজছিলেন মৃণালবাবু। ২০১৮ সালের শেষ নাগাদ মৃণালবাবু খুঁজে পেলেন এই লালবাজার যেখানে পরীক্ষা মূলক ভাবে শিল্পচর্চার মাধ্যমে জনজাতির মানুষজনের জীবনে আর্থ-সামাজিক পরিবর্তন আনা যায়। তিনি এবং তাঁর সহযোগীরা এই গ্রামেই গড়ে তুললেন " ওপেন ষ্টুডিয়ো "। প্রথমে ট্রান্সপারেন্ট শিটের উপরে আঁকা ছবির উপরে টর্চের আলো ফেলে চলচ্চিত্রের মতো ছবি দেখানো হল। হাতে কলমে দেখানো হল কি ভাবে কাজটা করা হয়েছে। তাতে বেজায় মজা পেলেন গ্রমবাসীরা। তাদেরকে ফুল, পাতা, কাঁচা হলুদ, বেলের আঠার মতো প্রাকৃতিক ও ভেষজ উপাদান দিয়ে প্রকৃতিক রং তৈরি শেখানো হলো। শুকনো ছাল-বাকল-শিকড়ের মধ্যে শিল্প আবিষ্কারের " চোখ " তৈরির কাজ গ্রামবাসীরা শিখলো। সাথে সাথে মৃণালবাবু চেষ্টা চালিয়ে গেলেন নতুন প্রজন্মের কাছে পড়াশুনার গুরুত্ব বোঝাতে। এরই ফল হিসাবে গ্রামবাসীরা শপথ নিতে শিখেছে " শিখব, পড়ব, জানব, স্কুলছুট হব না "। বেশিরভাগ পরিবারের নারী পুরুষ জঙ্গলের কাঠ কেটে মাথায় বয়ে নিয়ে গিয়ে মহাজনদের কাছে বিক্রি করে সংসার চালাতেন। কিন্তু জঙ্গল ফুরিয়ে গেলে কি কি সমস্যা হতে পারে সেগুলো তাদেরকে বোঝানো হল। আর এর কিছুদিন পরেই এর সুফল পাওয়া গেল। বাসিন্দাদের রোজকার জীবনেও এখন পরিবর্তন এসেছে। গ্রাম পরিচ্ছন্ন রাখেন বাসিন্দারা। গ্রামের খুদেরা সময় পেলেই দেওয়ালে-দরজায় ছবি এঁকে ভরিয়ে দেয়। বাঁশ কাঠের তৈরি ময়ূর, গনেশের মুখ, কাকড়া বিছে_____ এগুলোর নাম কাটুম কুটুম। শিশুরাই এগুলো বানায়। পর্যটকেরা গ্রামে এসে কিনে নিয়ে যান লোধ শিল্পদের তৈরি কাটুম কুটুম, মাটির পুতুল, ছবি ইত্যাদি। এক সময় জঙ্গলজীবি মানুষজন রুজির টানে বনজ সম্পদ বিক্রি করে সংসার চালাতেন। এখন তারাই জঙ্গল রখ্খা করেন। তাদের এখনকার প্রতিঞ্জা --- " আমরা সারা জীবন যত গাছ কেটেছি, তার থেকেও অনেক বেশি গাছ লাগানোর প্রতিঞ্জা করছি " ।




এরই মাঝে কথায় কথায় এক প্রবীনের মুখে আখ্যেপের সুর বেজে উঠলো। তিনি জানালেন   " আমাদেরও যে সন্মান থাকতে পারে, সেটা আগে কখনোও ভাবিনি। ছোটবেলায় শুনেছি বাপ-ঠাকুরদাকে প্রতি সপ্তাহে থানায় হাজিরা দিতে হতো। আমরা নাকি অপরাধী জাতি। এক সময় বিদেশিরা আমাদের অপরাধ প্রবণ তকমা দিয়েছিল, এখন সেই বিদেশি লোকজন আমাদের শিল্পের প্রসঙসা করেন, জিনিসপত্র কিনে নিয়ে যান "।




সত্যি বলতে কি ঝাড়গ্রাম ট্রাফিক পুলিশ বা আপনার ওখানকার বেড়ানোর গাড়ীর ড্রাইভার বা স্থানীয় অনেক লোকই এই রূপকথার গ্রাম সম্পর্কে অবগত নয়। হতাশ হবার কিছু নেই। ঐ গ্রাম তো রয়েছে _____ শুধু মাত্র লোকচক্ষুর অন্তরালে তিলে তিলে গড়ে উঠছে সেই রূপকথা।




ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে এই গ্রাম। অনেকেই হারিয়ে যেতে আসছেন এই কাজুবাদাম আর আকাশমনির জঙ্গলের ভেতর। ইচ্ছে হলে আপনিও কিছুদিন কাটিয়ে যেতে পারেন। বাংলার লোকজীবন আর ছবি যদি আপনাকে আকর্ষন করে -------- এই গ্রামের হাতছানি তাহলে আপনি কিছুতেই এড়াতে পারবেন না।









Thursday, 11 March 2021

ডাবুক -- বীরভূমের অচেনা এক শৈবতীর্থ

 ডাবুকেশ্বর শিবমন্দির---- ডাবুক---- বীরভূম




যাঁরা বেড়াতে ভালবাসেন,  যাঁরা বাংলার আনাচে কানাচে ঘুরে ঘুরে বাংলাকে সঠিক ভাবে চিনতে চান, তবে সাপ্তাহিক ছুটিতে একটা ছোট্ট ব্যাগ গুছিয়ে বেরিয়ে পরুন পায়ে পায়ে বাংলাকে দেখবার জন্য। এতে রোজকার হাপিয়ে উঠা জীবন থেকে সাময়িক মুক্তি পাবেন। পারবেন ইচ্ছামতন বাংলার গ্রামের তাজা বাতাস গ্রহন করে নিজের জীবনী শক্তিকে ফিরিয়ে আনতে। চলুন যাই বীরভূমের এক গ্রামে যার নাম  ডাবুক। 




এটি হ'ল বীরভূমের প্রত্যন্ত এক গ্রাম।  বীরভূমের খ্যাতি শক্তিপীঠ হিসাবে। শক্তিপীঠ হিসাবে বীরভূমের খ্যাতিলাভ করলেও শৈবতীর্থ বক্রেশ্বর ছাড়া আরও অনেক শৈবতীর্থ বীরভূমে বিরাজ করছে যার মূল্য কম নয়। এইসব তীর্থস্থানগুলি যেমন প্রাচীন,  তেমনই ঐতিহ্য মন্ডিত। এরকমই এক প্রচারবিহীন অথচ ঐতিহ্য পূর্ণ প্রাচীন মন্দির ডাবুকেশ্বর শিবমন্দির যেটি এই ডাবুক গ্রামে অবস্থিত। আবার বাবা মহাদেব এখানে উন্মত্তেশ্বর নামেও পরিচিত। 
 
বীরভূমের সর্বোচ্চ শিবমন্দির এটি। এই রকম অজ গায়ে এরকম শিবমন্দির অথচ তার মাথায় বীরভূমের সবচেয়ে উঁচু  মন্দিরের তকমা। প্রায় ৮০ ফুট উচু মন্দিরটি গম্ভীর,  একাকী ও উদাসীন।  আবার খুব অল্প কথায় বলা যায়___ এ এক অনন্য এবং অদ্বিতীয়। তারাপীঠ থেকে খুব বেশি দূরে নয়। কিন্ত তারাপীঠ তারা মায়ের সৌজন্যে আজ যতটা যমযমাট , ঠিক ততটাই নিষ্প্রভ এই ডাবুকেশ্বর শিবমন্দির। 




তবে এবার যেনে নেওয়া যাক  এই মন্দির প্রতিষ্ঠার পিছনের ইতিহাস।  কেউ কেউ বলেন-------- কৈলাশানন্দ স্বামী নামে এক সন্ন্যাসী ছিলেন ডাবুকেশ্বরের পরম ভক্ত।  তিনি দেশে বিদেশে ঘুরে বেড়াতেন এবং দু এক বছর পর ফিরে এসে বাবার ভাঙ্গা মন্দিরে পড়ে থাকতেন।  শেষ জীবনে কৈলাশানন্দ স্বামী তাঁর আজীবন ভিক্ষালব্ধ ও সঞ্চিত লক্ষাধিক টাকায় ডাবুকেশ্বর মন্দির,  বাঁধানো  প্রাঙ্গন,  অতিথিশালা সব কিছু তৈরি করেন।  " সাধারণত  সন্ন্যাসীরা সাধারণ মানুষের মত সঞ্চয়ী হয় না "------তাই এই কাহিনী বিশ্বাস করতে অনেকেই   দিধা বোধ করেন।   অপর কাহিনীটি হ'ল----- কাশ্মীরের 
রাজমহিষী নি:সন্তান ছিলেন। কৈলাশানন্দ স্বামীর নির্দেশ মতো রাজমাতা ডাবুকেশ্বর শিবের নিকট সন্তান কামনা করেন এবং পুত্র সন্তান লাভ করেন। আনন্দিত ও যারপরনাই খুশি হয়ে মহারাজা প্রাচীন মন্দিরের পরিবর্তে ১২৮৭ বঙ্গাব্দে নতুন মন্দি্র তৈরি করে দেন।



পুরান ঘাটলে এইরকম জানতে পারি ..... পান্ডবদের অঞ্জাত বাসের সময় পান্ডবরা  ডাবুক গ্রামে এসে উপস্থিত হন, কিন্ত ডাবুকের গ্রামবাসীদের থেকে যথাযথ আতিথেয়তা না পাওয়ায় কুন্তী শিব কে অভিশাপ দেন "  আমার যেমন অন্ন জোটেনি  তেমনই তোমারও জুটবে না। "  এই কারনে বহুদিন এই উন্মত্তেশ্বর বাবার পূজা বন্ধ ছিল। পরবর্তীকালে বামাক্ষ্যাপার গুরুদেব বাবা কৈলাসপতি স্বপ্নাদেশ পেয়ে পূজা পুনরায় চালু করেন। বাবা কৈলাসপতি এখানেই সাধনা করেন এবং তাঁর দর্শন করবার জন্য বামদেব মাঝে মাঝে এখানে পদার্পণ করতেন।

এই মন্দিরের শিবলিঙ্গ পাতালভেদী | মাটির প্রায় ৪০ ফুট নীচে গর্ত খুঁড়েও এর তল পাওয়া যায় নি | এখানে বাবার অন্নভোগ হয় | লাগোয়া মন্দিরে বাবা কৈলাসপতি ,মা আনন্দময়ী  তারা মায়ের মূর্তি প্রতিষ্ঠিত আছে | তারা মায়ের এখানে নিত্য আমিষ ভোগ হয় |

মন্দিরটির গঠনশৈলী বাংলার চারচালা রীতির হলেও প্রবেশ ও আবেষ্টনীর কাজ সদূর কাশ্মীরকেই মনে করিয়ে দেয়। একদা এই মন্দিরের ব্যায় নির্বাহের জন্য বার্ষিক ৬০০ টাকা বৃত্তির বরাদ্দ করেছিলেন কাশ্মীররাজ। এই মন্দিরের প্রধান উৎসব শিবরাত্রি ও চড়ক। শিবরাত্রি উপলক্ষে এখানে সপ্তাহব্যাপী একটি মেলা বসে ও প্রচুর লোকের সমাগম হয়। 

এই গ্রামের অবস্থান তারাপীঠের থেকে বেশী দূরে নয়। প্রায় ১৫-১৬ কি মি হবে। রামপুরহাট-সাইথিয়া বাসে শাসপুরে নেমে টোটো, অটো বা ভ্যান রিকশায় এই গ্রামে যাওয়া যায়। অথবা তারাপীঠ থেকে সরাসরি গাড়ি করে এখানে চলে আসতে পারেন। দুপাশের গাঢ় সবুজ ক্ষেতের মাঝখান দিয়ে রাঙ্গা পথটি চলে গিয়েছে অনেক  দূর। গাছপালার ফাক ফোকর দিয়ে দু একটা বাড়ির আভাস পাওয়া যায়। মাঝে মাঝে খেত শেষ হয়ে গিয়ে এবরো খেবরো মেঠো পথ। পথের পাশে পুকুরে হাঁসেদের ডুব দেওয়া বা গুগলি তোলা বা সারিবদ্ধ ভেসে যাওয়া দেখতে দেখতে আপনার  মনে হবে___ জলে যেন কেউ আলপনা দিয়ে দিয়েছে। মনে হয় এ পথ যেন শেষ না হয়। কিন্ত এসব দৃশ্যের অবসান হয়ে দৃশ্যমান হয়ে উঠে ডাবুকেশ্বর শিবমন্দির। গ্রামেবাংলার বৈশিষ্ট্যহীন সাদামাটা এক গ্রামে নিভৃতে একাকী সবার অলক্ষে প্রচারবিহীন হয়ে দাড়িয়ে রয়েছে এই মন্দির। 

অপূর্ব সুন্দর  শান্ত এই স্থানে গিয়ে  বাবা ডাবুকেশ্বর  তারা মায়ের দর্শন করে প্রসাদ পেতে পারেন। |